বরগুনা প্রাথমিক শিক্ষক সমিতি নিয়ে জটিলতা: সাবেক সভাপতির প্রতিবাদ
- আপডেট সময় : ১২:১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বরগুনা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব ও সম্পদ নিয়ে দখলদারিত্বের অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সমিতির সাবেক সভাপতি ও কোরক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম লিটনের বিরুদ্ধে একটি চক্র অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
সাবেক সভাপতি লিটন বলেন, আমি সরকারি শিক্ষক হিসেবে রাষ্ট্রের অধীনেই চাকরি করেছি এবং শিক্ষক প্রতিনিধিত্ব করেছি। কোনও সময় শিক্ষকদের বিরুদ্ধে অন্যায়, জুলুম, দালালি, চাঁদাবাজি বা লুটপাটে জড়িত হইনি।” তিনি দাবি করেন, যেকোনো শিক্ষক নেতার কাছে গেলেই তার কর্মজীবনের সুনামের প্রমাণ মিলবে।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট মুজিব কোট পরিহিত কিছু ব্যক্তি শিক্ষক সমিতির অফিসে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। বর্তমানে তারা একটি স্বঘোষিত কমিটি ঘোষণা করে সমিতির উপর কর্তৃত্ব বিস্তার করার চেষ্টা করছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অসাংবিধানিক বলে তিনি উল্লেখ করেন।
আব্দুল আলীম লিটনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি যদি কোনো বরাদ্দ না পেয়ে, কোনো ভাউচার না দিয়ে, কোনো চাঁদা না নিয়ে থাকি—তবে কিভাবে আমি কোটি টাকা আত্মসাৎ করলাম? এ অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি স্পষ্ট ভাষায় জানান, একটি চক্র শিক্ষক সমাজের মধ্যে বিভ্রান্তি ও ভয়ভীতি ছড়িয়ে নেতৃত্ব দখলের অপচেষ্টা চালাচ্ছে। “এই ধরনের অপপ্রচার, অনৈতিক কর্মকাণ্ড ও শিক্ষকদের ব্যবহার করে রাজনীতি করার অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছি,”—বলেন সাবেক এই শিক্ষক নেতা।












