বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র্যালি ও স্মরণ অনুষ্ঠান
- আপডেট সময় : ০৩:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিনের শুরুতে বেতাগী উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্দোলনে নিহত শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় এক বিজয় র্যালি, যা উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিকের নেতৃত্বে বেতাগী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জুলাই যোদ্ধা ও নিহতদের স্বজনদের নিয়ে এক স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা আওয়ামী লীগ সরকারের সময়কার আন্দোলন দমন, জুলুম ও নির্যাতনের স্মৃতি তুলে ধরেন। বক্তারা দাবি করেন— গণআন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছিল সেই সময়কার সরকার, যার বিচার আজও হয়নি। বক্তারা গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকাল থেকেই বেতাগীতে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে শোভাযাত্রা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।










