দেবীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: ফরহাদ হোসেন আজাদ বললেন—“অশুভ শক্তি দৃশ্যমান, ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিন”
- আপডেট সময় : ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৩২৯ বার পড়া হয়েছে

আতাউর রহমান ,দেবীগঞ্জ প্রতিনিধি।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বিজয় চত্বরে উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল গনি বসুনিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপি, পৌর বিএনপি সভাপতি ফরিদুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ তার বক্তব্যে বলেন“এই নির্বাচনকে ঘিরে যারা ১৯৭১ সালের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা এখনো স্বাধীনতাকে অন্তরে মেনে নেয়নি। আজও সেই অশুভ শক্তি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করতে তৎপর। কিন্তু জনগণের সমর্থনহীন এ অপশক্তি আগামী নির্বাচনে নিশ্চিতভাবে পরাজিত হবে।”তিনি আরও বলেন“১৯৯৬ সালে এই আসনে বিএনপি ৮৩ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিল, অথচ প্রতিপক্ষ পেয়েছিল মাত্র ১২ হাজারের কিছু বেশি ভোট। তাই দিবাস্বপ্ন দেখবেন না। ধর্মকে ব্যবহার করে, ওয়াজ-মাহফিলে ভুল ব্যাখ্যা দিয়ে বা মসজিদ-মাদ্রাসাকে অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা সফল হবে না।”
সরোয়ার্দী উদ্যানে সাম্প্রতিক এক সমাবেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন—“সেখানে কাওয়ালী হলো, গজল হলো, নাটিকা হলো; কিন্তু জাতীয় সংগীত গাওয়া হলো না। এতে প্রমাণ হয়, তারা এখনো বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দিতে পারেনি, মনে করে এ দেশ পূর্ব পাকিস্তান।”

প্রধান অতিথি বলেন, দেশনায়ক তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধ ও উন্নত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও নির্দেশ দেন -ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চাইতে হবে এবং জনগণের উন্নয়নের ঘোষিত ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে। সজাগ থাকতে হবে যেন কোনো অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।”
সভায় স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।










