দেবীগঞ্জে তাস খেলার জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়ি আটক
- আপডেট সময় : ০১:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে

আতাউর রহমান, দেবীগঞ্জ প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলতে গিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। শনিবার (১ নভেম্বর ২০২৫) রাত ১১টার দিকে উপজেলার ৪নং পামুলী ইউনিয়নের বানুরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) শচীন্দ্র নাথ বনিকের নেতৃত্বে এসআই মো. রবিউল ইসলাম, এএসআই মো. নুর আলম, এএসআই সুরনিত সরকার, কনস্টেবল প্রদীপ রায়, আরাফাত হোসেন, মোজাফফর হোসেন ও রেজাউল ইসলামসহ পুলিশের একটি দল রাত্রীকালীন টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
অভিযান চলাকালে বানুরহাট বাজারে জনৈক রুবেল ইসলামের ভাড়া নেওয়া দোকানঘরে কয়েকজন ব্যক্তি টাকার বিনিময়ে তাস খেলছিল বলে তথ্য পাওয়া যায়। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে এবং একজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন—মো. কুশো শীল (৪৫), পিতা-মৃত সনু রাম শীল,তরীন চন্দ্র রায় (৩০), পিতা-সুরেন চন্দ্র রায়,মো. আনোয়ার হোসেন (৩৫), পিতা-মো. খয়রুল ইসলাম,শশী মোহন রায় (৪৩), পিতা-মৃত প্রবীণ চন্দ্র বর্মণ,মো. সফিকুল ইসলাম (৩০), পিতা-মো. সুরুজ্জামান।
সকলের বাড়ি দেবীগঞ্জ থানার বিভিন্ন এলাকায়।অভিযানকালে ঘটনাস্থল থেকে দুই সেট তাস (১০৪টি), নগদ ৩,৬৮০ টাকা এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দ করা মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯,০০০ টাকা।
এ সময় স্থানীয় তিনজন ব্যক্তি—মনিরুজ্জামান, রাসেল ইসলাম ও রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে জব্দ প্রক্রিয়ায় সাক্ষী দেন।গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ঐ এলাকায় টাকার বিনিময়ে তাস খেলার বিষয়টি স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামী রুবেল ইসলাম (৩৫), পিতা-মো. আবেদ আলী, সাং-বন্দিরাম-এর বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে।
পুলিশ জানায়, এ ঘটনায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা জানিয়েছেন, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।













