পঞ্চগড়-২ ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় উত্তপ্ত মাঠে তরুণ প্রার্থী নূর আসাদ
- আপডেট সময় : ০২:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৫০৯ বার পড়া হয়েছে

লালন সরকার, বিশেষ প্রতিনিধি, (পঞ্চগড়)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা দিয়েছে। এই আসনে বিএনপি ও জামায়াতের পাশাপাশি গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রত্যাশী এবং শ্রমিক নেতা এমপি প্রার্থী আসাদুজ্জামান নূর আসাদও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
আসাদুজ্জামান নূর আসাদ বর্তমানে শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে সক্রিয় হোন। পরবর্তীতে মোদি বিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
নূর আসাদ ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনের সময় গ্রেফতার হয়ে তিনি পাঁচ দিনের রিমান্ড শেষে দীর্ঘ ছয় মাস কারাভোগ করেন। শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধি, বন্ধ পাটকল ও চিনিকল পুনরায় চালুর দাবিসহ বিভিন্ন আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। যুগপৎ আন্দোলন ও ২০২৪ সালের অভ্যুত্থানেও তিনি রাজপথে ছিলেন বলে জানান দলীয় সূত্র।
এক বক্তব্যে আসাদুজ্জামান নূর আসাদ বলেন, ৫৪ বছর ধরে দেশে যে গতানুগতিক রাজনীতি চলছে, তা ভেঙে শ্রমজীবী মানুষের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। প্রায় ৮ কোটি শ্রমশক্তির দেশে একজন কৃষকের সন্তান হিসেবে সংসদে শ্রমিক শ্রেণির প্রতিনিধিত্ব করতে চাই। পঞ্চগড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তরুণ, ছাত্র, যুব ও শ্রমজীবী জনগণকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ পঞ্চগড় গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন,আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, ইপিজেড স্থাপন এবং চিনিকল পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করব। সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক চাহিদা পূরণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাই। শেষে তিনি পঞ্চগড়-২ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাকে যদি ট্রাক মার্কায় আপনাদের পবিত্র ভোট দিয়ে সেবা করার সুযোগ দেন, তবে জীবন বাজি রেখে আপনাদের কল্যাণে কাজ করে যাব- ইনশাআল্লাহ।পঞ্চগড়-২ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ হেভি ওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মোঃ সফিউল আলম (সফিউল্লাহ সুফি) প্রচারণায় ঘরে ঘরে ছুটে চলেছেন। এ আসনের ভোটাররা নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন।













