দেবীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
- আপডেট সময় : ০৯:০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

লালন সরকার, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়।
পঞ্চগড়ের দেবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাঈম মোর্শেদ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির বক্তৃতায় বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, নিরাপদ ও স্থায়ী আয়ের উৎসে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং সময়োপযোগী পরামর্শের মাধ্যমে দেবীগঞ্জকে একটি মডেল প্রাণিসম্পদ জেলা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।তিনি আরও জানান, প্রদর্শনী খামারিদের অভিজ্ঞতা বিনিময় এবং নতুন উদ্যোক্তাদের বাস্তবধর্মী ধারণা অর্জনের সুযোগ করে দিচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় তুহিন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মোঃ তুহিন মিঞা বলেন, এ ধরনের প্রদর্শনী আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। নতুন প্রজাতি, খাদ্য ও চিকিৎসা সম্পর্কে হাতে-কলমে জানার সুযোগ পাচ্ছি।
নারী ভেড়া খামারি ফাতেমা বেগম জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় তিনি নিজস্ব ভেড়ার খামার গড়ে তুলেছেন এবং এখন স্বাবলম্বী।উদ্বোধনী শেষে প্রদর্শনীতে অতিথি ও দর্শনার্থীরা স্থানীয় খামারিদের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, খাদ্য ও আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তির স্টল পরিদর্শন করেন।













